বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বর্ণিল ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে নানান কর্মসূচীর মধ্যে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, সংঘদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন করা হয়।
রোববার (২৫ অক্টোবর) উপজেলার কধুরখীল মারজিন বিহারে এ উৎসব অনুষ্ঠিত হয়।
কধুরখীল মারজিন বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথের’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি এবং ফানুস উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, জাবেদ মেহেদী হাসান সুজন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, হাজী পেয়ার মোহাম্মদ, ছাত্রদল নেতা এনামুল হক সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অতিথিদের ফুল দিয়ে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করেন বিহারের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মেলবন্ধন – প্রবারণা পূর্ণিমা উৎসব। শুভ প্রবারণা পূর্ণিমা বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, অহিংসা ও মানবকল্যাণের বার্তা। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে গড়ে উঠুক একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ।
বক্তব্যে আজিজুল হক প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এছাড়া তিনি বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে বড়ুয়াপাড়া সড়কের অন্ধকার অংশ আলোকিত করার আশ্বাস দেন।
উৎসবে সবাগত জানান ড. সবুজ বড়ুয়া শুভ, ধন্যবাদ প্রদান করেন প্রধান শিক্ষক নীহারেন্দু বড়ুয়া। ফানুস উড়ানোর সময় বক্তব্য রাখেন লায়ন সোহেল বড়ুয়া।
ফানুস উড়িয়ে অনুষ্ঠানের অতিথিসহ বৌদ্ধ ধর্মবলম্বীরা উৎসবের আনন্দ উদযাপন করেন।
উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।






