মো: আনিসুর রহমান (বিশেষ প্রতিনিধি):
ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরে চট্টগ্রামের পটিয়ায় ক্যান্সার সচেতনতামূলক মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) স্বেচ্ছাসেবীমূলক সংগঠন মাতৃকালয়ের উদ্যোগে এবং হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সহযোগিতায় পশ্চিম হাইদগাঁও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, রোগ শনাক্তকরণের উপায়, চিকিৎসা গ্রহণ এবং প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত সাধারণ মানুষকে সচেতন করেন। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসমস্যা নিয়ে আসা ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। ক্যাম্প শেষে প্রান্তিক জনগোষ্ঠীর নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরুষের ফুসফুস ও মুখগহ্বরের ক্যান্সার বিষয়ে আলোচনা করেন এভারকেয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট ডা. সাজিদ কুমার দাশ। নারীদের স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে আলোচনা করেন ডা. শতদ্রু ভাওয়াল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন, হাইদগাঁও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি এস এম মোহাম্মদুল হক (মাস্টার), তরুণ সমাজকর্মী শাহরিয়ার মো. ওমায়ের এবং স্থানীয় রাজনীতিবিদ বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃকালয়ের নির্বাহী সদস্য শুভাশীষ দাশ।

মাতৃকালয়ের উপদেষ্টা দেবাশীষ দাশের সার্বিক তত্ত্বাবধানে এবং সমাজকর্মী শৈবাল বড়ুয়ার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে সংগঠনের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন মাতৃকালয়ের সমন্বয়ক অনির্বাণ ভট্টাচার্য্য।
আয়োজকরা জানান, মাতৃকালয়ের নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






