বাংলাদেশ, রোববার, ২২ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

৭৫ বছরের স্টেডিয়ামে উন্নয়নের নতুন ছোঁয়া, বদলে গেল চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের চিত্র


প্রকাশের সময় :21 November, 2026 12:01 : AM

তানভীর আহমেদ (বিশেষ প্রতিবেদক) :

মাঠ-পিচ থেকে আধুনিক প্রেস বক্স, গ্যালারি ও জিমনেসিয়াম—কয়েক মাসেই ব্যাপক সংস্কার
দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জরাজীর্ণ অবকাঠামো আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে নতুন রূপে ফিরেছে প্রায় ৭৫ বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা স্টেডিয়াম। মাঠ ও পিচ সংস্কার, গ্যালারি ও প্যাভিলিয়নের উন্নয়ন, আধুনিক প্রেস বক্স স্থাপন, ভিআইপি গ্যালারি আধুনিকায়নসহ খেলোয়াড়দের জন্য বাড়ানো হয়েছে নানা সুযোগ-সুবিধা।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগ, নেতৃত্ব ও সরাসরি তত্ত্বাবধানে কয়েক মাসের মধ্যেই এসব উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সংস্কার ও আধুনিকায়ন করা স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, একটি স্টেডিয়াম শুধু ইট-পাথরের অবকাঠামো নয়। এটি আবেগ, উচ্ছ্বাস ও স্বপ্ন তৈরির জায়গা। এই স্টেডিয়ামে ঘাম ঝরে, কিন্তু আনন্দের ফুল ফোটে। আত্মবিশ্বাস জাগে, দেশপ্রেম প্রজ্বলিত হয়।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সংস্কারকাজের আওতায় স্টেডিয়ামের মাঠ ও পিচ উন্নয়ন করা হয়েছে। গ্যালারিতে নতুন করে রং করা হয়েছে এবং প্যাভিলিয়নে বসানো হয়েছে পাঁচ শতাধিক নতুন আসন। দ্বিতীয় তলার অফিসকক্ষ, সম্মেলনকক্ষ, ভিআইপি গ্যালারি ও প্রেস বক্স আধুনিকায়ন করা হয়েছে।

এ ছাড়া স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ও প্রধান ফটক নির্মাণ, খেলোয়াড়দের জন্য সাতটি প্রস্রাবাগার স্থাপন এবং পার্কিং এলাকায় টাইলস বসানো হয়েছে। চালু করা হয়েছে কম্পিউটারভিত্তিক হাজিরা পদ্ধতি। দীর্ঘদিন বন্ধ থাকা জিমনেসিয়ামের সংস্কারকাজও শুরু হয়েছে। আগামী দিনের পরিকল্পনার মধ্যে রয়েছে লন টেনিস কোর্ট পুনরায় চালু, জেলা ক্রীড়া সংস্থার ক্যানটিন নির্মাণ এবং বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন।

প্রায় ৭৫ বছরের পুরোনো স্টেডিয়ামটির ঐতিহ্য তুলে ধরে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম একটি আন্তর্জাতিক বন্দরনগরী। এই শহরের স্টেডিয়াম আধুনিক ও মানসম্মত হওয়াই স্বাভাবিক প্রত্যাশা। প্রাইম মিনিস্টারস গোল্ড কাপ উদ্বোধনের উদ্যোগ নেওয়ার পর স্টেডিয়ামটির আধুনিকায়নের কাজ শুরু হয়।

খেলাধুলাকে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম গড়ে তোলার অন্যতম মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতা মানুষকে জয় উপভোগ করার পাশাপাশি পরাজয় মেনে নিতেও শেখায়। খেলাধুলার অভিজ্ঞতা একটি দৃঢ়প্রত্যয়ী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, এটি জেলা স্টেডিয়াম, এটি সবার স্টেডিয়াম। এটি কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এই জেলার সব তরুণ-তরুণী এখানে আসবে, খেলাধুলা করবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আমাদের ছেলেমেয়েরা শুধু চিকিৎসক বা প্রকৌশলী হবে না, তারা ভালো খেলোয়াড়ও হবে।

আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে উন্নত ক্রীড়া অবকাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমান বিশ্বের খেলোয়াড়েরা নিজেদের সুযোগ-সুবিধার সঙ্গে অন্য দেশের ক্রীড়া অবকাঠামোর তুলনা করেন। তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে স্টেডিয়াম ও প্রশিক্ষণের পরিবেশ উন্নত করতে হবে।
দুই দশকের অভিজ্ঞতায় এমন উন্নয়ন দেখেননি সালাহ উদ্দিন

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন জেলা প্রশাসকের উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসকের নেতৃত্বে স্টেডিয়ামে যেসব উন্নয়নকাজ হয়েছে, তা বিগত বহু বছরেও সম্ভব হয়নি। ২০০৩ সাল থেকে তিনি এই স্টেডিয়ামের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘ অভিজ্ঞতায় এত ব্যাপক উন্নয়নকাজ আগে দেখেননি বলেও জানান তিনি।

স্টেডিয়াম কমপ্লেক্সের দীর্ঘদিনের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে সালাহ উদ্দিন বলেন, কমপ্লেক্সের একটি অংশে প্রায় ১২ বছর ধরে ময়লা-আবর্জনা জমে ছিল। জেলা প্রশাসকের আন্তরিক উদ্যোগ ও নির্দেশনায় সেসব আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়েছে।

তিনি জানান, প্যাভিলিয়নে নতুন আসন স্থাপন, দ্বিতীয় তলায় আধুনিক ভিআইপি গ্যালারি তৈরি এবং গ্যালারিগুলোতে রং করার মাধ্যমে স্টেডিয়ামের পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

গণমাধ্যমকর্মীদের জন্য আধুনিক প্রেস বক্স স্থাপনকে গুরুত্বপূর্ণ উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, আগে সাংবাদিকদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল না। জেলা প্রশাসক নিয়মিত এ বিষয়ে খোঁজ নিতেন এবং গণমাধ্যমকর্মীদের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিতেন। তাঁর নির্দেশনায় আধুনিক প্রেস বক্সের ব্যবস্থা করা হয়েছে।
স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়টিও তুলে ধরেন সদস্যসচিব। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা সীমানাপ্রাচীরের কাজ জেলা প্রশাসকের নেতৃত্বে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকা জিম সেন্টারের সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে কাজ শেষ করে এটি উদ্বোধন করা যাবে।
এ ছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা টেনিস কোর্ট চালু, খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহের লক্ষ্যে স্টেডিয়ামে ক্যানটিন নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

সালাহ উদ্দিন বলেন, জেলা প্রশাসক শুধু উন্নয়নকাজের নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেননি, নিয়মিত কাজের অগ্রগতিও পর্যবেক্ষণ করেছেন। তাঁর আন্তরিকতা ও সক্রিয় নেতৃত্বের কারণেই অল্প সময়ে এতগুলো কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আমি দুই দশকের বেশি সময় ধরে এই স্টেডিয়ামের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে যেসব কাজ হয়নি, জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা সেসব কাজ করতে সক্ষম হয়েছি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরীফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক সংস্কার করা স্টেডিয়াম ও জিমনেসিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ট্যাগ :