বাংলাদেশ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

পুলিশের ভেতরেই নজরদারি, সন্দেহের তালিকায় কত কর্মকর্তা?


প্রকাশের সময় :27 November, 2026 12:36 : AM

স্টাফ রিপোর্টার :

অভ্যন্তরীণ তথ্য পাচার, রাজনৈতিক যোগাযোগ ও নাশকতার অভিযোগ ঘিরে পুলিশ বাহিনীতেই চলছে অভ্যন্তরীণ নজরদারি। ইতোমধ্যে বিভিন্ন মামলায় দুই পুলিশ সুপার (এসপি) ও দুই অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাহিনীর অভ্যন্তরীণ তথ্য পাচার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে তিন শতাধিক পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি রয়েছেন। যদিও তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপির সংখ্যাই বেশি।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, চলতি মাসের শুরু থেকেই বাহিনীর অভ্যন্তরীণ তথ্য পাচার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে আরও অনেক কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। চারজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশের ভেতরে নজরদারি বাড়ানোর পেছনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নভেম্বরের প্রথম তিন সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও চোরাগোপ্তা হামলার ঘটনাও ঘটেছে। গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে আরও হামলার পরিকল্পনার তথ্য পায় পুলিশ। এসব তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি দেশে কর্মরত কিছু পুলিশ কর্মকর্তার নামও সামনে আসে।

এমন অভিযোগ উঠে আসে যে- বাহিনীর ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাঠানো হচ্ছে। বিদেশে অবস্থানরত কিছু সাবেক পুলিশ কর্মকর্তারাও দেশে কর্মরত কর্মকর্তাদের ফোন করে হুমকি দিচ্ছেন।

সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্য যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শুধু অতীতের অপরাধের অভিযোগ নয়, দায়িত্বে থাকা অবস্থায় কার সঙ্গে যোগাযোগ করছেন, কী ধরনের তথ্য আদান-প্রদান হচ্ছে এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কারও ভূমিকা সন্দেহজনক কি-না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সদর দপ্তরের বক্তব্যেও বাহিনীর ভেতরে নজরদারি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি উঠে এসেছে। তবে নজরদারিতে থাকা কর্মকর্তার সুনির্দিষ্ট সংখ্যা, তাদের পদ-পদবি, কর্মস্থল এবং অভিযোগের ধরন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশের অভ্যন্তরীণ এই তৎপরতার বিষয়টি প্রথম আলোচনায় আসে গেলো ১৪ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। এরপর একে একে আরও তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

তথ্য পাচার ও রাজনৈতিক যোগাযোগ নিয়ে তদন্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে ও গণ-অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধে জড়ানোর অভিযোগে অভিযুক্ত কিছু কর্মকর্তা। এখন গ্রেপ্তারের ক্ষেত্রে সেসব অভিযোগ আমলে নেয়া হলেও এত দিন পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে অন্যতম কারণ-অভ্যন্তরীণ তথ্য পাচার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা ঢাকা পোস্টকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্য যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ তথ্য পাচার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং নাশকতায় যোগসাজশের অভিযোগে তিন শতাধিক কর্মকর্তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। নজরদারিতে রয়েছেন অতিরিক্ত ডিআইজি, এসপি, অতিরিক্ত এসপি ও এএসপি পদমর্যাদার কর্মকর্তারা।
সন্দেহভাজন পুলিশ কর্মকর্তাদের কোনো তালিকা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এরকম কোনো তালিকা করা হচ্ছে কি-না তা জানি না। তবে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ তথ্য পাচার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশ কিংবা সন্দেহজনক গতিবিধি রয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাসহ আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

৩৫৭ কর্মকর্তার বিষয়ে তথ্য চেয়েছিল সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের একটি সূত্রে জানা গেছে, নজরদারির ইস্যুতে পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে গত ১ নভেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় শৃঙ্খলাসংক্রান্ত তথ্য চেয়েছিল পুলিশ সদর দপ্তর। তালিকায় ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন কর্মকর্তা ছিলেন। তাদের সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। ৩ নভেম্বরের মধ্যে তথ্য দিতে বলা হয়েছিল। তবে তাদের ব্যাপারে তথ্য চাওয়ার বিষয়টি পুলিশ সদর দপ্তর পরিষ্কার না করেনি।

তালিকায় থাকা ৩৫৭ কর্মকর্তা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। তারা পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন। তালিকায় কর্মকর্তাদের মধ্যে একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত হিসেবে দেখানো হয়েছে। অন্য একজন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে কর্মরত রয়েছেন।

সর্বশেষ গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল এসআরবি-১৪ এর কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে ঢাকায় নিয়ে আসে। পরে ২০২২ সালের রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আবুল হাসান এসআরবি-১৪ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তবে ২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। এজাহারে ১৭১ নম্বর আসামি আবুল হাসান।

গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্র করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


ডিবি সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর ছাত্রলীগের ঢাকা লকডাউন কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়। এ ঘটনায়ও আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এরআগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত ১৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এরআগে ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবেক ওসি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ ২৫তম বিসিএসের কর্মকর্তা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গতরাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। তাকে গাজীপুর থেকে আটক করা হয়।


২০১৫ সালের ১৯ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি ও তার এক সঙ্গীকে তুলে নেওয়ার অভিযোগ করেছিল পরিবার। পরদিন খিলগাঁও খেলার মাঠে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় জনি নিহত হন। সে সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দাবি করেছিল, বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।

তবে পরিবারের অভিযোগ, ছাত্রদল নেতা জনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হত্যার অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

গত বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছেন। তারা ষড়যন্ত্র করছেন। তারা সরকারের কঠোর নজরদারিতে আছে। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :