বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ’র নির্দেশনায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বোয়ালখালী মহিলা দলের সভাপতি, বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের দক্ষিণ চট্টগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার শেফুর ব্যক্তিগত ফাউন্ডেশন।
মানবিক এ কর্মসূচিতে বন্যাদুর্গত ও অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, প্রবাসী বিএনপি নেতা জাকের খতিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন টিটু এবং উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে আছিয়া মেম্বার, ফরিদা মেম্বার, জয়নাব, হালিমা, পারভিন, ইয়াসমিন, মুক্তাসহ মহিলা দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আয়োজকরা।






