বাংলাদেশ, শুক্রবার, ৮ মে ২০২৬ ইং , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৩১

শিরোনাম

চট্টগ্রামে চালু হলো বন্ধ হওয়া জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি


প্রকাশের সময় :৮ মে, ২০২৬ ৬:২২ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। ক্রুড অয়েল সরবরাহ পেতেই শুরু হলো। শুক্রবার ( ৮ মে) সকালে শুরু হয় ক্রুডের মজুত শেষ হওয়ায় সাময়িক বন্ধ হওয়া রিফাইনারিটি। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে রিফাইনারিতে যুক্ত হয়েছে। ধাপে ধাপে পুরোদমে উৎপাদনে যাব আমরা।

সূত্রে জানা যায় , মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ ক্রুড অয়েলের চালান এসেছিল। হরমুজ প্রণালী এড়িয়ে এক লাখ টন ক্রুড অয়েলের চালান নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে জাহাজটি বুধবার দুপুরে কুতুবদিয়া চ্যানেলে আসে। যুদ্ধ শুরুর পর এটি দেশে আসা ক্রুড অয়েলের প্রথম চালান।
২৪৯ দশমিক ৯৫ মিটার লম্বা বিশাল জাহাজটির কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে আসতে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ছোট ট্যাংকার জাহাজে খালাস করে (লাইটারিং) নিয়ে আসা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

বিপিসির আমদানি করা ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, নিরাপদে ‘এমটি নিনেমিয়া’ দেশে পৌঁছেছে। কুতুবদিয়া এলাকায় ট্যাংকারটি নোঙর করা হয়েছে। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে লাইটারিং বা ছোট ছোট ট্যাংকার জাহাজে নগরের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসার কাজ।
জাহাজটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকাল ৬টায় যাত্রা শুরু করে। তার আগে রাতভর এতে তেল লোড করা হয়। নিরাপদে রেড জোন পেরিয়ে নির্ধারিত সময়ে নোঙর করেছে জাহাজটি। আশার কথা হচ্ছে, ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড নেওয়ার জন্য এমটি ফসিল নামের ট্যাংকার পাঠানো হয়েছে। সেটি ৯ মে বন্দরে ভিড়বে। ১০ মে লোড করে পুনরায় বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

‘নর্ডিকস পলাক্স’ জাহাজে বিপিসির ১ লাখ টন অপরিশোধিত তেল রয়েছে, সেটি হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার কারণে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বছরে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশের চাহিদা মেটাতে ৯২ শতাংশ জ্বালানি তেল আমদানি করতে হয়। বাকি ৮ শতাংশ স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে পাওয়া যায়। জ্বালানি চাহিদার তালিকায় ডিজেল শীর্ষে রয়েছে। এরপর রয়েছে ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন এবং প্লেন চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল। ২০২৪-২০২৫ অর্থবছরে বিপিসি ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি করেছে।

ট্যাগ :