বাংলাদেশ, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ইং , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:০৫

শিরোনাম

সংরক্ষিত নারী আসনে দক্ষিণ চট্টগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাশী সাহিদা আক্তার শেফু


প্রকাশের সময় :৯ মার্চ, ২০২৬ ১১:৩৭ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির আদর্শকে বুকে ধারণ করে দলের দু:সময়ের একজন সক্রিয় কর্মী হিসেবে মামলা-হামলার ভয় উপেক্ষা করে মাঠে সরব ছিলেন রাজপথের লড়াকু সৈনিক সাহিদা আক্তার শেফু। বিগত ৩০ বছর ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে বিভিন্ন পদে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেন সাহিদা আক্তার। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের চম্পা তালুকদার বাড়ির শিক্ষক নেতা মরহুম জসিম উদ্দিন তালুকদারের সহধর্মিণী। সাহেদা আক্তারের মরহুম পিতা ফয়জুল আজিম সিকদার সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক ওয়ার্ড সহসভাপতি ছিলেন।

সাহিদা আক্তার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ও উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান (২০০৯-২০১৮) নির্বাচিত হয়েছেন। এছাড়াও (২০০৪-২০০৮) সালে ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

শিক্ষাজীবনে তিনি বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে বিএ, একই কলেজ থেকে এইচএসসি এবং সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।

সাহেদা আক্তার দীর্ঘদিন মাঠ পর্যায়ে সক্রিয় এবং অভিজ্ঞ রাজনৈতিক। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রীর রাজনৈতিক পথচলা কোনো মনোরম পথ ছিল না, বরং চ্যালেঞ্জ, প্রতিকূলতা এবং নিরবচ্ছিন্ন সংগ্রামে পরিপূর্ণ ছিল। দলের একজন সক্রিয় কর্মী হিসেবে বিএনপিকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও দেশনায়ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিজের অবস্থান থেকে রাজপথের কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কিংবা স্বৈরাচার পতনে দলের আন্দোলন, সংগ্রামের প্রতিটি ধাপে সবখানেই ভূমিকা রেখে যাওয়া সাহিদা আক্তার বলেন, রাজনীতি শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি ত্যাগ, সাহস, আদর্শ ও দীর্ঘদিনের সংগ্রামের ফসল।

বর্তমানে বিএনপি সরকার খুব শীঘ্রই গঠন করবেন সংরক্ষিত নারী আসন। চট্টগ্রাম থেকে প্রার্থী হতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এ বিষয়ে সাহিদা আক্তার শেফু বলেন, রাজনীতি ও জনসেবা তার কাছে পেশা নয়, এক ধরনের নেশা, আদর্শের প্রতি গভীর অঙ্গীকার। এই নেশাই তাকে প্রতিকূলতার মাঝেও অনুপ্রাণিত করেছে। আমি রাজনীতি করছি দেশ এবং মানুষের কল্যাণের জন্য। জনগণের যে ভালোবাসা পেয়েছি সেটাই আমার বড় পাওয়া। আমি প্রার্থী হবো বিষয়টি জনগণের উপর নির্ভর করবে এবং দলের হাইকমান্ডের দিক- নির্দেশনাকে প্রাধান্য দিতে চাই। দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দলের নীতি নির্ধারকরা আমাকে যা দায়িত্ব দিবে আমি সেটাই পালন করবো। তবে এই মুহূর্তে আমাদের নৈতিক দায়িত্ব হলো সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।

তৃণমূলের দাবি, সাহেদা আক্তারের রাজনীতি শুরু তৃণমূল থেকে, যার পরিচয় রাজপথের লড়াকু মিছিলে। দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি হিসেবে তিনি যেমন সংগঠনকে সুসংগঠিত করেছেন তেমনি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলাবাসী সাহেদা আক্তারকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।

ট্যাগ :