বাংলাদেশ, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ইং , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৫৪

শিরোনাম

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে বাসদের (মার্কসবাদী) বিক্ষোভ সমাবেশ


প্রকাশের সময় :২ মার্চ, ২০২৬ ৯:০৪ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২ মার্চ) দুপুর ১২ টায় নগরীর আন্দরকিল্লাহ মোড়ে চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্য আসমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দলের চট্টগ্রাম জেলা সমন্বয়ক এড শফি উদ্দিন কবির আবিদ ও দলের জেলা সদস্য জাহেদুন্নবী কনক।

সমাবেশে এড শফি উদ্দিন কবির আবিদ বলেন, বলেন, “ইরানের উপর বিনা উস্কানিতে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা,আলী খামেনিকে হত্যা,স্কুলে বোমা মেরে ১৪৮ শিশুকে হত্যা সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসার পর এ হামলা সংঘটিত হলো। আমরা মনে করি, ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণই সংরক্ষণ করে, আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সে অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ ছাড়া কিছু নয়।

এসময় বক্তারা আরও বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা সারাবিশ্বে আজ নতুন করে যুদ্ধোন্মাদনা তৈরি করছে। ভেনেজুয়েলার উপর নগ্ন হামলা ও কিউবার উপর আগ্রাসনের ক্রমাগত হুমকির ধারাবাহিকতায় ইরানের উপর এ হামলা করা হলো, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান,আমেরিকার প্রতি নতজানু নীতি পরিহার করে সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নিন্দা জানাতে হবে।

ট্যাগ :