বাংলাদেশ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ইং ,

মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির


প্রকাশের সময় :31 October, 2026 11:36 : AM

স্টাফ রিপোর্টার :

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো ধরনের লুকোচুরি হচ্ছে কি না, তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়েও সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দুই দিন আগে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরেছেন। তিনি কী উদ্দেশ্যে গিয়েছিলেন এবং কী নিয়ে ফিরেছেন, তা জাতির সামনে খোলাসা করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, জাতি তা জানতে চায়।

জামায়াত আমির বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন তারা ভোগ করছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। অতীতের স্বৈরাচারের ইতিহাস এবং নিজেদের ভুল থেকেও তারা শিক্ষা নেয়নি। বরং প্রতিদিন নতুন নতুন সংকট ও জঞ্জাল সৃষ্টি করছে।

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, নভেম্বরে সংসদ অধিবেশন বসার আগেই সরকারকে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। তা না হলে বিরোধী দলকে পরবর্তী কর্মসূচি নিতে হবে। জনগণের দাবি ও ৭০ শতাংশ মানুষের ভোটের রায় কোনোভাবেই অপমানিত হতে দেওয়া হবে না।

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে পথসভা শেষে রাতে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :