বাবর মুনাফ (বোয়ালখালী প্রতিনিধি):
চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন কবি ফররুখ স্মৃতি সংসদের পুনর্নির্মিত ভবনের উদ্বোধন, কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির ১০ জন, অষ্টম শ্রেণির ১৮ জন এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৩ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। সব মিলিয়ে ৫৬ জনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কবি ফররুখ স্মৃতি সংসদের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কেমিস্ট্রি অব পিএইচডি ডিগ্রিধারী ড. মো. আবদুল মন্নান।
সংগঠনের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী মনজুর মোরশেদ, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ইকবাল, রাজনীতিবিদ আবুল মনসুর চৌধুরী, পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, শিক্ষক তাজুল ইসলাম রাসেল, রাজনীতিবিদ আবু ছিদ্দিক এবং সাবেক ফুটবলার ছগির মিয়াসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, অতীতে কবি ফররুখ স্মৃতি সংসদ ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পাশাপাশি দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করে আসছে।
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, আচরণ, সততা, নৈতিকতা ও মানবিক গুণাবলির মাধ্যমেও সমাজকে আলোকিত করতে হবে। শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও যোগ্যতা যেন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে এবং তারা ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠে এটাই এ আয়োজনের মূল প্রেরণা ও প্রত্যাশা।
এ সময় কবি ফররুখ স্মৃতি সংসদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর ইসলাম, হুমায়ুন কবির, মো. কাউছার, সাইদুল কবির রতন, মনজুর আলম, শওকতুল ইসলাম, সায়হাম রাব্বি চৌধুরী, তৌহিদুল ইসলাম, গাজী মোস্তফা, খোরশেদ আলম সুমন, সুদীপ দাশ, জালাল উদ্দিন, ইকবাল মামুন, ইউসুফ রানা, ইদু আমিন ও মো. মোর্শেদ আলমসহ আরও অনেকে।






