এরশাদ হোসেন :
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বের করার চেষ্টা ঘিরে উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে মিছিলে যুক্ত থাকার অভিযোগে সাগর নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ রাহাত উল্লাহ রবিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবরে আশপাশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় মেডিকেল এলাকা থেকে সাগরকে আটক করেন রাহাত উল্লাহ রবিন ও তার সঙ্গীরা। পরে তাকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেচ্ছাসেবক দলের আহ্বায়ক, চকবাজার থানার মুহাম্মদ রাহাত উল্লাহ রবিন,আরো বলেনসাধারণ মানুষের জানমাল, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা সচেতন। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে।

ঘটনাস্থল থেকে আটক এবং পুলিশের কাছে সোপর্দ করার পুরো প্রক্রিয়ার লাইভ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আটক সাগরের বিরুদ্ধে আগে থেকেই একাধিক নাশকতার মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।






