বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

২০২৭ সাল পর্যন্ত বজায় থাকবে ডিজেলের সংকট: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা


প্রকাশের সময় :15 October, 2026 6:33 : PM

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে ডিজেল সরবরাহে ব্যাঘাত ঘটছে। বিশ্বব্যাপী ডিজেলের খালি হয়ে আসা মজুত পূরণ করতেও সময় লাগবে। এতে করে, ২০২৭ সাল পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানিটির সংকট বজায় রাখবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বুধবার (১৪ অক্টোবর) প্যারিসভিত্তিক সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

নিজেদের মাসিক জ্বালানি বাজার প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, গ্যাসঅয়েল বা ডিজেলের বাজারের ভারসাম্য ২০২৭ সালের একটি বড় সময়জুড়ে চরম চাপের মুখে থাকবে এবং এর সমাধান অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি পণ্যটির সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপর।

উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি হ্রাস এবং ইরানের পাল্টা-হামলায় ওই অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশের সরকার জ্বালানি কর হ্রাস, ভর্তুকি প্রদান কিংবা কৌশলগত জরুরি মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে তেল ছেড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে এই খালি হওয়া মজুতগুলো পরে তাদের আবারও পূরণ করতে হবে।

আইইএ অবশ্য পূর্বাভাস দিয়েছে যে, আগামী বছরের প্রথম প্রান্তিক নাগাদ তেলের শোধনাগারগুলোর উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হতে পারে এবং তা ডিজেল বাজারে কিছুটা উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি করতে পারে। এর ফলে জ্বালানির মজুতও স্বাভাবিক ঋতুভিত্তিক ধারায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে এই সাময়িক প্রবৃদ্ধি ইরান যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিপুল ঘাটতি পুরোপুরি পুষিয়ে নিতে পারবে না। মূলত এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে আকাশচুম্বী হয়ে গেছে জ্বালানির দাম।

আইইএ আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পারস্য উপসাগর থেকে সরবরাহ শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে “বাজারের ভারসাম্য বজায় রাখতে চাহিদায় অতিরিক্ত কাটছাঁট এবং বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে।

ট্যাগ :