এম আর মিলন (বিশেষ প্রতিনিধি):
সমবায় আইন ও উপ-আইন অমান্য করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’ এর আগামী শনিবার (১০ অক্টোবর) চিটাগাং ক্লাব লিমিটেডে আহ্বান করা বার্ষিক সাধারণ সভা ২০২৬ এর নোটিশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সমিতির উপ-আইন অমান্য করে ব্যবস্থাপকের স্বাক্ষরে নোটিশ জারির মাধ্যমে অনিয়মতান্ত্রিকভাবে বার্ষিক সাধারণ সভা আহ্বান করায় সম্পাদকের দায়ের করা একটি রিট মামলায় (নম্বর ১৪৩৫৫/২০২৬) বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি তামান্না রহমান খালিদীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশে ব্যবস্থাপকের স্বাক্ষরে প্রচারিত ওই বার্ষিক সাধারণ সভা ২০২৬ এর ওপর রুলনিশি জারি করে সভার নোটিশ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট উপ-আইনের বিধান অনুযায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির সভা এবং বার্ষিক সাধারণ সভা আহ্বানের এখতিয়ার একমাত্র সম্পাদকের। কিন্তু সেই উপ-আইন অমান্য করে সমিতির ব্যবস্থাপকের স্বাক্ষরে নোটিশ জারির মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ২০২৬ আহ্বান করা হয়েছিল।
প্রসঙ্গত, এর আগেও সমিতির আইন অমান্য করে একই কায়দায় সভাপতির স্বাক্ষরে গত ১৬ মে আরও একবার বার্ষিক সাধারণ সভা আয়োজনের অপচেষ্টা করা হয়েছিল। আহ্বান করা ওই সভার বৈধতা চ্যালেঞ্জ করেও হাইকোর্টের বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি আবদুর রহমানের দ্বৈত বেঞ্চে রিট পিটিশন (৬০১০/২০২৬) দায়ের করা হয়েছিল। ওই রিটেও আদালত অনুরূপ স্থগিতাদেশ দিয়েছিলেন।
এভাবে বারবার সমিতির উপ-আইন অমান্য করার অপচেষ্টাকারীদের খুঁটির জোর কোথায়, তা নিয়ে সাধারণ সদস্যদের মাঝে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে।






