বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে গাজী কে.ডি ফাউন্ডেশন


প্রকাশের সময় :25 September, 2026 2:05 : PM

এম.আর মিলন (বিশেষ প্রতিনিধি) :

এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৬ সালে চট্টগ্রাম শহর থেকে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন।

আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘SSC Reception Achievers’26’।

গাজী কে.ডি. ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ অর্জনকারী চট্টগ্রাম শহরের কৃতি শিক্ষার্থীরা অংশ নেবেন। শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাজী কে.ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। তিনি সাংবাদিকদের সামনে আয়োজনের উদ্দেশ্য, কর্মসূচি ও অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিস্তারিত তথ্য জানান।

গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ জানান, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতেই এ আয়োজন। কৃতি শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামীকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ইদ্রিস মিয়া, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নসরুল কাদির, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রামের ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতি প্রত্যাশা করছেন তারা।

ট্যাগ :