বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ইউনিয়নে (প্রস্তাবিত চরখিজিরপুর) মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার চরখিজিরপুর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরখিজিরপুর বিএনপির সাবেক সভাপতি ও কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক আলহাজ্ব রফিক আহমেদ সওদাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চরখিজিরপুর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব মো. জসিম উদ্দীন নিরব, থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চরখিজিরপুর ৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ফারুক সুজন।
প্রধান অতিথি নুরুল আলম বলেন, সামাজিক ব্যাধি মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। নিজ নিজ ওয়ার্ড ও এলাকায় মাদকের বিরুদ্ধে তীব্র জনসচেতনতা গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে জড়িত বা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করলে তাকে ছাড়াতে থানায় কেউ যেন তদবির না করেন। কেউ তদবির করলে তার নাম ঠিকানা প্রকাশ করা হবে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এম নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য ও ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. ইকবাল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হাশেম সও, আবুল খায়ের সও,আইয়ুব জুনু, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. আলী আজম, আবদুল খালেক, ডা. মহিউদ্দিন, মো. খোরশেদ আলম, আজম আলী ড্রাইভার, আজম উদ্দিন, ছিদ্দিক, ফজল করিম তোতা মিয়া, মো. মুনছুর, মো. সাইফুল আলম, বাবুল, মো. সাদ্দামসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি বের করা হয়।






