বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর দক্ষিণ সারোয়াতলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এমবিশন ক্লাব ও দক্ষিণ সারোয়াতলী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের পক্ষ থেকে স্থানীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন এমবিশন ক্লাব এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, কেএম চেরিটেবল ফ্রী কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসমাইল হোসেন আংকুর।
বক্তারা বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (সা.)- এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জীবনাদর্শ ধারণ করে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। সু- শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ, জাতি ও উন্নত সমাজ গঠন করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান বক্তারা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উপদেষ্টা, সমাজসেবক মো. আহসান আলী, আবদুল মন্নান সওদাগর, মো. এসকান্দর সওদাগর, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ কায়সারুল আলম।
অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন অক্সিজেন সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের প্রভাষক সানি হায়দার।
দেশ, জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে তাবারক বিতরণ করা হয়।






