বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়নে অতি ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে টানা তিনদিন ব্যাপী বন্যার্ত, হতদরিদ্র এবং অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ পরিবারের হাতে শুকনো খাবার, নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় মুহাম্মদ হাসান চৌধুরী বলেন, দুর্যোগের সময় যে মানুষের পাশে দাঁড়ায়, সেই প্রকৃত মানুষ। মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারে পাশে এলাকার দানশীল, রাজনৈতিক ও প্রশাসনের নেতৃবৃন্দদের প্রতি সাহায্য সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে হাসান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী, নগদ অর্থ বিতরণ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। তাঁরা এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলেই জনগণের মন জয় করা যায় না। বিপদের সময় পাশে দাঁড়াতে হয়। সংকটে, দুর্যোগের যেকোন পরিস্থিতিতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।






