বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬ ইং , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:২৩

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন


প্রকাশের সময় :১৪ জুন, ২০২৬ ১১:৩৯ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করেছে।

রোববার (১৪ জুন) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শহর ও গ্রাম উভয় অঞ্চলেই উচ্চ-মানের সংযোগের সম্প্রসারণ ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং সারা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজনীয় সেবা প্রাপ্তি আরও সহজ করতে সাহায্য করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

তিনি বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের এই ব্যবহার বাংলাদেশের টেলিযোগাযোগ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এবং ডিজিটাল সেবাগুলোতে সবার সমান অধিকার নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ। লো-ব্যান্ড স্পেকট্রাম হিসেবে এটি বিশেষ করে ভবনের ভেতরে এবং দেশের সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে কভারেজের গুণগত মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর অর্থ হলো দেশজুড়ে ভৌগোলিক অবস্থান নির্বিশেষে আরও নির্ভরযোগ্য সংযোগ, উন্নত ভয়েস ও ডেটা পারফরম্যান্স এবং প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলো আরও সহজে উপভোগ করার সুযোগ পাবেন গ্রাহকরা।

নতুন এই উদ্যোগ ফোরজি পারফরমেন্স বাড়াতে ভূমিকা রাখবে উল্লেখ করে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশজুড়ে গ্রাহকদের সেরা নেটওয়ার্ক অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গ্রামীণফোনের নিরন্তর প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি ফোরজির পারফরম্যান্স বৃদ্ধিতে অপরিহার্য ভূমিকা রাখবে এবং উচ্চতর ডেটা স্পিড, কম ল্যাটেন্সি ও বৈচিত্র্যময় পরিবেশে উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ-উপযোগী প্রযুক্তির জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

চলতি বছরের শুরুর দিকে, একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয় বিটিআরসি। এই স্পেকট্রাম ১৩ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে গ্রামীণফোন নির্ধারিত মেয়াদে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার অবদান রাখবে।

ট্যাগ :