
মো: আনিসুর রহমান :
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিরুল হক। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মশিউল আলম স্বপন। সোমবার (২৫ মে) ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে প্যানেলের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন চৌধুরী।
তিনি জানান, নবনির্বাচিত পরিচালকদের মতামতের ভিত্তিতেই চেম্বারের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন চৌধুরী অর্ডিনারি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই। সহ-সভাপতি মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। তিনি অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন।
























