বাংলাদেশ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় সিজেকেএস শপিং কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন


প্রকাশের সময় :5 October, 2026 11:25 : PM

তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি) :

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) শপিং কমপ্লেক্সে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রমে প্রায় ১৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হবে।

গত ৪ অক্টোবর বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং সিজেকেএস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়।
সিজেকেএস শপিং কমপ্লেক্সের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তুপ হয়ে থাকা ময়লা-আবর্জনা, ভাঙা টাইলস ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রীর কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করা হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রায় ১৫০ ট্রাক বর্জ্য অপসারণের পর শপিং কমপ্লেক্সের অভ্যন্তর ও আশপাশের পরিবেশ অনেকটা পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।

দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের ব্যবহার্য স্থানগুলোতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

দীর্ঘ প্রায় ১২ বছর পর বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ কার্যক্রমের মাধ্যমে সিজেকেএস শপিং কমপ্লেক্সের পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাতেও একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হবে।

ট্যাগ :