বাংলাদেশ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ইং ,

শিরোনাম

জ্ঞানে-যুক্তিতে-স্বপ্নে-সাহসে-আগামী এই প্রত্যয়কে সামনে রেখে কর্ণফুলীতে শুরু হলো বিতর্ক উৎসব ২০২৬


প্রকাশের সময় :5 October, 2026 8:17 : PM

স্টাফ রিপোর্টার :

জ্ঞানে-যুক্তিতে, স্বপ্নে-সাহসে আগামী’ এই প্রত্যয়কে সামনে রেখে হকর্ণফুলীতে শুরু হয়েছে কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬। উৎসবের অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিতর্ক কর্মশালা। এতে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিসহ ১৮০ জন অংশ নেন।

চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় এবং কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় কৌশলগত অংশীদার হিসেবে ছিল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাব। বিতর্কের বিভিন্ন কৌশল ও উপস্থাপনা বিষয়ে কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা দেয় সংগঠনটি।

কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কের নিয়মকানুন, বারোয়ারি বিতর্ক, সংসদীয় বিতর্ক এবং উপস্থাপনা শৈলী সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সাবেক বিতার্কিক ইয়াসির সিলমী এবং ইউএসটিসি এফসেট ডিবেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাজী আরফাত।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উৎসবের আহ্বায়ক মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, দেশকে এগিয়ে নিতে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।ভবিষ্যতে এ ধরনের বিতর্ক উৎসব সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম বলেন, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষকে মুক্তচিন্তা, সততা ও পরমতসহিষ্ণুতার শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে গুজব ও অন্ধবিশ্বাস থেকে দূরে রেখে যুক্তিনির্ভর মেধাভিত্তিক সমাজ গঠনে বিতর্কচর্চার বিকল্প নেই।

তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি স্কুলে বিতর্কচর্চা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আজকের তরুণরা চট্টগ্রামের বিতর্ক অঙ্গনে নেতৃত্ব দেবে। সকলের অংশগ্রহণে পুরো টুর্নামেন্ট আরও সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিতর্কচর্চায় মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের সদস্যদের পরিবেশিত প্রদর্শনী বিতর্ক (শো-ডিবেট)। যুক্তি, তথ্য ও উপস্থাপনার মাধ্যমে পরিবেশিত এ বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষক ইয়াসির সিলমী ও কাজী আরফাতকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬-এর সমন্বয়কারী ও বিতার্কিক আকরাম হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মশালার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’ এর প্রস্তুতি পর্ব। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে উৎসবের বিভিন্ন আয়োজন।

যুক্তির চর্চা, মুক্তচিন্তার বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবের মাধ্যমে কর্ণফুলীর শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী বিতর্কচর্চার পরিবেশ গড়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

ট্যাগ :