মোঃ তৌহিদুল ইসলাম :
পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কারিগরি দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের করণীয় বিষয়ে চট্টগ্রামে “Workshop on Green Skills for Industrial Climate Protection” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চট্টগ্রাম নগরীর ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারি (জি-টেভ)। জি-টেভ এর অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস (বিএসডব্লিউ) এর বাস্তবায়িত অনুষ্ঠানটির কারিগরি সহায়তায় প্রদান করেন জলবায়ুবিষয়ক অনলাইন ওপেন ডাটা প্ল্যাটফর্ম দ্য ক্লাইমেট ওয়াচ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল স্কুল- মো. শামসুল আলম।বিশেষ অতিথি ছিলেন এস.এ.এম শরিয়ত উল্লাহ, ইন্সট্রাক্টর ফাউন্ডেশনাল স্কিল ও জি-টেভের সাংগঠনিক বিভাগীয় প্রধান মোঃ তৌহিদুল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর ইসলাম, ইন্সট্রাক্টর ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল।

কর্মশালাটি পরিচালনা করেন জি-টেভ এর স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান মশিউর ইসলাম রাজু, কমিউনিটি সদস্য দিদার খান।
কর্মশালায় বক্তারা বলেন, কারিগরি দক্ষতাসম্পন্ন ব্যক্তিরাই শিল্পকারখানার উৎপাদন ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তবে শিল্পে ব্যবহৃত বিভিন্ন প্রক্রিয়া ও কর্মপদ্ধতির সঙ্গে পরিবেশ ও জলবায়ুর ওপরও প্রভাব তৈরি হতে পারে। এসব বিষয়ে কর্মক্ষেত্রে সচেতনতা বাড়ানো এবং পরিবেশবান্ধব কর্মপদ্ধতি অনুসরণের প্রয়োজন রয়েছে।

বক্তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষা শুধু শিল্পকারখানা বা কর্মস্থলের মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রের পাশাপাশি দৈনন্দিন জীবনেও সম্পদের সঠিক ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য পৃথকীকরণ, পানি ও জ্বালানি সাশ্রয় এবং নিরাপদ কর্মপদ্ধতি অনুসরণে সচেতনতা প্রয়োজন।
কর্মশালায় গ্রিন স্কিলস, শিল্পকারখানায় পরিবেশবান্ধব কর্মপদ্ধতি, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও জ্বালানি সাশ্রয় এবং জলবায়ু সুরক্ষায় কারিগরি পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মশালার শেষপর্বে অংশগ্রহণকারীদের জন্য “খেলার ছলে বর্জ্য ব্যবস্থাপনা শেখা” শীর্ষক একটি অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। খেলাধুলার মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ, সঠিক স্থানে বর্জ্য ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।






