বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ইং ,

শিরোনাম

চট্টগ্রামে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণ দিয়েছে আশা, চলতি অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৫০০ কোটি টাকা


প্রকাশের সময় :11 November, 2026 6:41 : PM

তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি) :

চট্টগ্রামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আশা (ASA)। বুধবার (১১ নভেম্বর) নগরের স্টেশন রোডের দি এলিনা হোটেলে আয়োজিত সভায় সংস্থাটির সার্বিক কার্যক্রম, ঋণ বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি।

সভাপতিত্ব করেন আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এম এম নফিজ মাহমুদ। সভায় আশার কার্যক্রম উপস্থাপন করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. সাইদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. নজরুল ইসলাম। এ সময় ডিএম, এআরএম, এএইচ ও বিএমসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণসেবা প্রদান করছে। এসব সদস্যের কাছে ঋণের স্থিতি ১ হাজার ৩৫৩ কোটি ৬৮ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ৫৩টি কেন্দ্রে ১৫ হাজার ২০২ জন শিক্ষার্থী নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ২০২৫ সালে ৫টি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ৩১ হাজার ৪১১ জন রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। একই বছর ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ১৬ হাজার ৯২১ জন রোগীকে অপারেশনবিহীন হাড়-জোড়ার ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, ডিস্ক প্রোলাপসসহ বিভিন্ন জটিলতার চিকিৎসাসেবা দেওয়া হয়।

স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালে সদস্যদের ৩১২ জনকে ৪ লাখ ৬২ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ৭৫৮ জন সদস্যের মৃত্যুদাবি বাবদ ৩ কোটি ৭০ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। ৫১ জন সদস্যকে এককালীন ৭ লাখ ৬৫ হাজার টাকা অবসর ভাতা দেওয়া হয়। জেলা প্রশাসনের মাধ্যমে ২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতি মাসে ৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ২০২৫ সালে মোট ৯ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
সরকারি বিভিন্ন দিবসে আশার প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলেও সভায় জানানো হয়।

ট্যাগ :