
এরশাদ হেসেন :
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদের সাবেক খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন প্রয়াত হাফেজ মাওলানা আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহিম আল-কাদেরী (রহ.)-এর স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৬ নভেম্বর) বাদ এশা পাথরঘাটা এলাকাবাসীর উদ্যোগে নজু মিয়া লেইনে এই আয়োজন করা হয়। এডভোকেট আবদুল করিমের সভাপতিত্বে এবং মুহাম্মদ আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী।
এছাড়াও বক্তব্য রাখেন পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদের খতিব মুফতী মৌলানা সাইফুল ইসলাম আল-কাদেরী, সাবেক অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা তায়েব এবং আব্দুল হামিদ রজভী প্রমুখ। এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর সন্তান গোলাম মঈনউদ্দীন চিশতী ও ভাই আব্দুল মাঈন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাওলানা আবদুর রহিম আল-কাদেরী দীর্ঘ ১৭ বছর নিষ্ঠার সাথে পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি অসংখ্য হাফেজে কোরআন তৈরি করেছেন। তাঁর মানবিক গুণাবলি ও পরোপকারী মনোভাব তাঁকে এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছিল।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা ও বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।