তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি) :
চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের ব্যবসা প্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বকশীরহাট ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সংঘটিত এ ঘটনার পরপরই খাতুনগঞ্জ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ফ্যাসিস্টের দোসররা আবারও হামলা-ভাঙচুরের পথ বেছে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা তাদের অতীতের সহিংস রাজনীতিরই পুনরাবৃত্তি।
তিনি বলেন, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং শিল্পাঞ্চল ও তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবেশ বিপর্যস্ত করার চেষ্টা চলছে। ব্যবসায়ী, শ্রমিক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। এসব ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু হামলাকারী নয়, নেপথ্যে থেকে যারা পরিকল্পনা করছে, মদদ দিচ্ছে এবং অর্থের জোগান দিচ্ছে, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

নাজিমুর রহমান আরও বলেন, যারা মনে করছে সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনমনে ভীতি সৃষ্টি করে আবারও রাজনীতিতে ফেরার পরিবেশ তৈরি করবে, তারা বোকার স্বর্গে বাস করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ আত্মসাৎ করে সেই অর্থের একটি অংশ দিয়ে এখন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এসব অপতৎপরতায় যারা মদদ জোগাচ্ছে, তাদেরও সতর্ক থাকতে হবে। হামলা ও নৈরাজ্যের মাধ্যমে রাজনীতিতে পুনঃপ্রবেশের স্বপ্ন যারা দেখছে, তারা অনেক আগেই জনগণের কাছে নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। এ দেশের মানুষ আর সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি মেনে নেবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা এবং ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক সোহেব রিয়াদ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে খান, সাবেক সহসাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আশু, বিএনপি নেতা আকতার খান, ইয়াকুব খান বাবু, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ আবুল বশর, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার সওদাগর, মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারু ও সালাউদ্দিন কায়ছার লাভু, সাবেক সহছাত্রবিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, সদস্য আলহাজ্ব জসিমউদ্দীন মিন্টু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম মফিজ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান, আহ্বায়ক এ টি এম ফরিদ ও সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাব্বির, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আজগর এবং বকশীরহাট ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিম, শাহাজাহান সর্দার, রফিকুল আলম, নুরুল আলম মজনু, এম এ হাসেম ও বেলাল উদ্দিন চৌধুরী।






