
তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি) :
রুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও সৃজনশীল মনন বিকাশের প্রত্যয়ে আয়োজিত ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ।
সোমবার (১৭ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের কৌশলগত অংশীদারত্বে এ বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, যুক্তিবোধ ও মুক্তবুদ্ধির চর্চা তরুণ প্রজন্মকে গুজব, অপতথ্য এবং অন্ধ অনুকরণের সংস্কৃতি থেকে দূরে রাখে। বিতর্ক উৎসবে কর্ণফুলীর শিক্ষার্থীরা যে মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা একটি আলোকিত ও মেধাভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখায়। উপজেলা পর্যায়ে এ ধরনের সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য তিনি কর্ণফুলী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম বলেন, উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সফল বিতর্ক উৎসব আয়োজন করা সম্ভব হয়েছে। এ মঞ্চ থেকে তৈরি হওয়া বিতার্কিকেরা আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে কর্ণফুলী উপজেলার মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ও বিতর্ক উৎসবের মডারেটর সাইফুদ্দীন মুন্না, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইয়াসির সিলমী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা আকতার এবং প্রতিদ্বন্দ্বী দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারীন সুবাহ।
উল্লেখ্য, ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’ আয়োজনের অংশ হিসেবে প্রথমে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও প্রতিনিধি শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী বিশেষ প্রস্তুতিমূলক বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়। পরে ২৪টি বিদ্যালয়ের বিতর্ক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নকআউট ও বাছাইপর্ব পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ। ফাইনাল রাউন্ডে দুই দলের বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি ও সাবলীল উপস্থাপনা উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।
সমাপনী অনুষ্ঠানে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।