
মো: এরশাদ হেসেন (বিশেষ প্রতিনিধি) :
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের ভেতরের সরু ও জরাজীর্ণ সড়কে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনা এবং ক্রেতা-সাধারণের নির্বিঘ্নে চলাচল দীর্ঘদিনের চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও এবার তা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে বাজারের ব্যবসায়ী নেতারা। এর অংশ হিসেবে বাজারের অলিগলির দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাজারের বিভিন্ন অলিগলিতে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীদের চলাচল সহজ করা এবং ক্রেতা-সাধারণের ভিড় কমিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অভিযানে শুধু সাধারণ ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা অপসারণই নয়, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নেতারাও নিজেদের দোকানের অবৈধ অংশ সরিয়ে নেন।

ব্যবসায়ী নেতাদের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। তাঁদের মতে, এর আগে বাজারের অলিগলি দখলমুক্ত করার বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর উদ্যোগের অভাব ছিল। এবার বাস্তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ায় তাঁরা আশাবাদী। ক্রেতা ও ব্যবসায়ীদের স্বার্থে এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
এদিকে, বাজারের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রেতা-সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নেতারা। একই সঙ্গে বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে চলমান অভিযানে সব ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেছেন তাঁরা।