
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর আমুচিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ইকবাল।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজার মহানবমীতে উপজেলার ঐতিহ্যবাহী শক্তি সংঘ, উদয়ন সংঘ, ধোরলা মুক্তি সংঘ, নবারণ সাহিত্য পরিষদ ও বান্ধব পাঠাগার পূজামণ্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেয়া হয়।
এসময় আজিজুল হক বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বেরও প্রতীক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। বিএনপির রাজনীতি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা উৎসব নির্বিঘ্ন করতে আইন- শৃঙ্খলা রক্ষা এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

ইঞ্জিনিয়ার ইকবাল বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সঙ্গে উদ্যাপন করতে পারেন, সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। কোনো ধরনের বিভেদ নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে।
এতে আরও উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মুনচুর চৌধুরী, আবু সিদ্দিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিন, ওয়ার্ড সদস্য আবু জাফর তালুকদার, বিএনপি নেতা রফিক আহমেদ, মো. হুমায়ুন, নাজিম উদ্দিন, নিরঞ্জন বিশ্বাস, বাবলা সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন উদ্দিন, জসিম উদ্দীন, রুবেল ফয়সাল, মো. নজরুল ইসলাম, কৃষকদল নেতা মো. শওকত, মো. ইমরান, মো. ইরফানসহ আমুচিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন শেষে মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।