
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম।
ইতিমধ্যে তিনি গত ৮ অক্টোবর বোয়ালখালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নিকট চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় ফরম ও রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও প্রার্থী যাচাই বাছাই কমিটির সদস্য মেহেদী হাসান সুজন, শাহানুর শাহীন হিরু, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দলীয় নেতাকর্মীরা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যানের কর্মী হিসেবে তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে উঠে আসেন শহীদুল আলম। ওয়ান- ইলেভেনের সময় থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। এ সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং বিভিন্ন সময়ে তিনি কারাবরণ ও আত্মগোপনে ছিলেন বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেন।
নানা মামলা-হামলা, হয়রানি ও নির্যাতনের মধ্যেও শহীদ শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের রাজনৈতিক মাঠ ছাড়েননি। দলীয় নেতাকর্মীদের পাশে থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানান তার অনুসারীরা।

তিনি ২০০৩ সালে শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০১১ সালে উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক, ২০১১ সালে দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে বর্তমানে দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাষ্ট্রিজের সদস্যও।
পাশাপাশি তিনি ২০১৩, ২০১৮ এবং ২০২২ সালে কারাবরণ করেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শহীদুল আলম জানান, দল ও জনগণের সমর্থনে দায়িত্ব পালনের সুযোগ পেলে একটি নিরাপদ, আধুনিক ও উন্নয়নমুখী শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে।
শহীদুল আলম বলেন, আমি জনপ্রতিনিধি নয়, ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। তাই আসন্ন নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।