
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথি আলহাজ্ব এরশাদ উল্লাহ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কলেজের নতুন বাতাসে গা ভাসিয়ে না দিয়ে নিয়মিত ক্লাসে মনযোগ দিয়ে নিজেদের লক্ষ্য স্থির করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্কুলের সংকীর্ণ আবদ্ধ পরিসর, বাঁধাধরা নিয়ম-বিধির থেকে কলেজের পরিসর অতি উদার, এখানকার সামগ্রিক পরিবেশও অনেক বেশি উন্মুক্ত ও স্বাধীন। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে
নিজেদেরকে আগামী জাতির কাণ্ডারী রূপে গড়ে তুলতে সচেষ্ট হওয়ার এবং পরিপূর্ণ মানুষের স্বীকৃতিতে আত্মনির্মাণ ও আত্মবিকাশে সক্ষম হওয়ার চেষ্টা করার উপদেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু।
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম বলেন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজকে সরকারি করণ করতে হবে। এই উপজেলার অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে এই কলেজকে সরকারি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সরকারি হলে এলাকার সাধারণ ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে।

এতে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক, ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহেদা বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আনোয়ারসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সুপর্ণা রায় চৌধুরী ও হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মো. ইব্রাহিম শাহীন। এছাড়া কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. সাকিব সিকদার।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুচিত্রা চৌধুরী ও কলেজ সাংস্কৃতিক স্কোয়াড। এছাড়া সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল কলেজ রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও কলেজের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সুন্দর ও সাফল্যময় শিক্ষাজীবনের প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও শিক্ষকরা।