
আন্তর্জাতিক ডেস্ক :
লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে লোহিত সাগরপাড়ের দেশ মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিসরের রাজধানী কায়রোতে পৌঁছান প্রিন্স সালমান। এরপর সিসির সঙ্গে তার বৈঠক হয়। এ সময় দুজন বাব এল-মান্দেবে অবাধে নৌ চলাচল নিশ্চিতের আহ্বান জানান।
লোহিত সাগরের এক প্রান্তে বাব এল-মান্দেব প্রণালি। অপরপ্রান্তে মিসরের বিখ্যাত সুয়েজ খাল অবস্থিত। সৌদির জাহাজ বাব এল-মান্দেব দিয়ে চলাচল করে থাকে। বিশেষ করে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বাব এল-মান্দেব দিয়েই নিজেদের তেল রপ্তানি করছিল দেশটি। কিন্তু হুথিরা সরু এ প্রণালির নিয়ন্ত্রণ দখল করার পর সৌদির রপ্তানি হুমকিতে পড়ে গেছে। এমন সময়ই মিসরের প্রেসিডেন্টে কাছে গেলেন প্রিন্স সালমান।
সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, মিসরের সিসি বলেছেন, সৌদি আরব নৌ চলাচল স্বাভাবিক রাখতে যে যে পদক্ষেপ নিচ্ছে সেটিকে তারা সমর্থন জানান। এছাড়া সৌদির নিরাপত্তা মিসরের নিরাপত্তা বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে হুথিদের লোহিত সাগর থেকে দূরে রাখতে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে গত পাঁচদিন ধরে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে রিয়াদ। হুথিরা হুমকি দিয়েছে, যদি সৌদি তাদের এসব হামলা অব্যাহত রাখে, তাহলে তারাও হামলার তীব্রতা বৃদ্ধি করবে।
সূত্র: ইয়েনেত