
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর বিশ্ব হবে জ্ঞানদীপ্ত ও এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) লড়াই। নতুন প্রজন্মদের সামনে সেই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর পরিশ্রম ও বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাবীদের নেতৃত্বে দেশ গঠন করতে চান। তোমরাই একদিন দেশের হাল ধরবে। পুরো জাতি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। তোমাদের ভালো মানুষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।
এরশাদ উল্লাহ বলেন, এটিই একমাত্র সাফল্য নয়। জীবনের অন্যান্য ধাপে অগ্রগামী হওয়ার অনুপ্রেরণামাত্র। সামনে বিশাল পথ পড়ে রয়েছে। বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নপূরণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যাবোধে আলোকিত মানুষ হতে হবে। সমাজের জন্য তোমাদের অনেক দায়িত্ব আছে। তাই নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশকে পথ দেখাতে হবে। সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শওকত আলম।
দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী।
আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, মাওলানা এরশাদুল ইসলাম।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন অভিনয়ে প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় ১স্থান অর্জনকারী মনীশ ক্ষেত্র চৌধুরী, জিপিএ-৫ প্রাপ্ত আদিত্য বড়ুয়া, নাফিজা ইসলাম ও আদিত্য সরকার।
কোরআন তেলোয়াত, গীতা পাঠ এবং শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী মোজাহের ও উদীয়মান কৃতী শিল্পী উম্মে কাউছার নিঝুম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী আবু আকতারসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকরা। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।