
নিউজ ডেস্ক :
চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া টীম প্রতিদ্বন্দ্বিতা করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উক্ত ফাইনাল ম্যাচের প্রথমার্ধের ১১ মিনিটে প্রিন্ট মিডিয়ার তানভীর আহমেদের দর্শনীয় ফ্রি কিক থেকে হেডে গোল করে রফিক হায়দার দলকে ১-০ গোলে এগিয়ে দেন। গোল হজম করে একের পর এক আক্রমণ করতে থাকে টিভি মিডিয়া দল। এর সুফল ও তারা পাই খুব দ্রুতই। প্রিন্ট মিডিয়ার ডিফেন্সের ভুলে জাহাঙ্গীর আলমের মাইনাস থেকে পা ছুয়ে গোল করেন টিভি মিডিয়ার সুমন গোস্বামী। প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। সেকেন্ড হাফের ৮ মিনিটে প্রিন্ট মিডিয়ার এক ডিফেন্ডারের পায়ে লেগে আত্মঘাতী গোল পাই টিভি মিডিয়া। গোল হজমের পর প্রিন্ট মিডিয়ার খেলোয়াড়বৃন্দ একের পর এক আক্রমণ করতে থাকে। খেলা শেষের ৭ মিনিট পূর্বে প্রিন্ট মিডিয়ার তানভীর আহমেদের হাওয়াই ভাসানো বল রফিক হায়দার বাম প্রান্তে থাকা ওসমান সারোয়ারের পায়ে ফেললে, ডি বক্সের বাইরে থেকে নিখুত প্লেসিং শটে ওসমান সারোয়ার বল জালে জড়িয়ে প্রিন্ট মিডিয়াকে সমতায় ফেরান।
নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা থাকাই টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম কে যৌথভাবে চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে চট্টগ্রাম মেট্রাপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ এর সভাপতিত্বে প্রেস ক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সাজ্জাদুল কবির রনি এবং সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। ম্যাচ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।
প্রধান অতিথির বক্তব্যে ডা : এটিএম রেজাউল করিম বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক সমাজের এ ধরনের ক্রীড়া আয়োজন তাদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে। পার্কভিউ হসপিটাল স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রাপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
এসময় আমন্ত্রিত অতিথিরা ফাইনাল ম্যাচে বিজয়ী টিম ও খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।