
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দিদার আলম।
নিহত দিদার আলম (৩২) বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাতগড়িয়া পাড়া বদন আলীর বাড়ি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের ২নং ওয়ার্ড সাত্তার মাঝি বাড়ির বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ নুরুল আলম (৩২)।
উল্লেখ্য, কারখানায় নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১১ জন শ্রমিক দগ্ধ হন। এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং আহত আরও ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।