
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি অসহায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলী হাজী নূর হোসেনের বাড়িতে সমাজসেবক হাজী নূর হোসেনের তত্ত্বাবধানে প্রবাসী হাজী মো. ইকবাল হোসেন ও শাহেদ হোসেন আকাশের সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
মানবিক কার্যক্রমে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ ও আলু বিতরণ করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা, স্থানীয় সাবেক ইউপি সদস্য এম জসিম উদ্দিন, জেবুল হোসেন, মো. কাশেম, সাখাওয়াত হোসেন সোহেল, মো. সুমন, মো. সাইফু, নিমাই দে- সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় হাজী মো. ইকবাল হোসেন বলেন, টানা বৃষ্টিতে সারোয়াতলী ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। তাদের দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই দু:সময়ে পানিবন্দি মানুষের জন্য সমাজের সকল স্তরের মানুষদের এসব অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, হাজী নূর হোসেনের পরিবার মানবিক কার্যক্রমে আগে থেকেই দু:স্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ- খবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন।