
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর পক্ষে ১৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শাকপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় শাকপুরা ইউনিয়নের ১৫০টি পরিবারের হাতে উন্নত মানের চাউল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সরোয়ার আলমগীর, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী পেয়ার আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. জাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, শাকপুরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. এমরান, যুবদল নেতা মো. জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদল নেতা মো. এমরান, রাকিব, নোবেল, শহীদ ও জিহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাউল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।