বাংলাদেশ, শনিবার, ১৬ মে ২০২৬ ইং , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:০১

শিরোনাম

আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতেসমন্বিত উদ্যোগ প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি


প্রকাশের সময় :১৫ মে, ২০২৬ ৬:১০ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, বাণিজ্য সহজীকরণ এবং কাজের পরিবেশ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, ২য় সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, ৩য় সহ-সভাপতি মো. আবু সালেহ, অর্থ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, কাস্টমস সম্পাদক এ এস এম রেজাউল করিম স্বপন, যুগ্ম বন্দর সম্পাদক লোকমান হোসেন খন্দকার, আইন সম্পাদক এসএম ফরিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণে সিএন্ডএফ এজেন্টরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সিএন্ডএফ এজেন্টরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য ভোগান্তি ও হয়রানিমুক্ত বন্দর ও কাস্টমস ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের মতো বৃহৎ ও গুরুত্বপূর্ণ কর্মপরিসরে স্থল কাস্টমস স্টেশন থেকে লাইসেন্সপ্রাপ্ত অদক্ষ ও অনভিজ্ঞ সি এন্ড এফ এজেন্টদের অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সুযোগ প্রদান করার কারণে ভবিষ্যতে অনিময়, শুল্ক ফাঁকি তথা রাজস্ব ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সভায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগ :