
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ ও খুলশী থানা এলাকায় অবৈধ তেল মজুদদারের বিরুদ্ধে জেলা প্রশাসন, র্যাব-৭, সিএমপি ও বিএসটিআই এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) এ যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার। অভিযানে বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস পণ্যের মোড়ক, বেশ কিছু খালি বোতল জব্দ ও অন্য দু’টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার জানান, বায়েজিদ থানাধীন গুলবাগ আবাসিক এলাকার আমানত প্যাকেজিং এন্ড মার্কেটিং নামক একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই হতে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ফর্টিফাইড সয়াবিন তেল পণ্য বোতলজাতকরণ ও পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহারপূর্বক বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানটিতে মজুদ প্রায় ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস পণ্যের মোড়ক এবং বেশ কিছু খালি বোতল জব্দ করে সংশ্লিষ্ট থানার জিম্মায় দেয়া হয় এবং প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে খুলশী থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানে খাদ্যপণ্য মজুতের প্রয়োজনীয় লাইসেন্স ব্যতিরেকে প্রায় ৫০ ড্রাম (প্রতি ড্রাম ২০০ লিটার) ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত ও অস্বাস্থ্যকর পরিবেশে ড্রামজাত ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে প্রত্যেক প্রতিষ্ঠান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
তিনি আরও জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক নির্দেশনায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত জেলায় ২৬৯টি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫ হাজার ৮২৪ লিটার তেল জব্দ করা হয়েছে। অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
























