বাংলাদেশ, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ইং , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৩৫

শিরোনাম

চট্টগ্রামে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করলেন হাসান মোঃ শওকত আলী


প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২৬ ৪:৫২ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান মোঃ শওকত আলী। বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার সদ্য বিদায়ী সিএমপি কমিশনার হাসিব আজিজ এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় তিনি কর্মকর্তাগণকে ন্যায়নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।

এসময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ উপ-পুলিশ কমিশনারগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবযোগদানকৃত সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

ট্যাগ :