
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব এর ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযান চালিয়ে ২০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে র্যাব চট্টগ্রাম গ্রেপ্তার করেছে ১৩ জনকে এবং জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ৭ জনকে।
র্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় র্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত ও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলাটি ২২ জানুয়ারি দায়ের করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে ধারাবাহিক অভিযানে বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। সর্বশেষ গত ২৭ মার্চ নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজ (৩৫), নগরের পাহাড়তলী থেকে বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ থেকে সাইদুল ইসলাম (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান (১৯), ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টালী থেকে সেলিম (৩৫) এবং ১০ ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকা থেকে সেকেন্দার মিয়া (৪৩) গ্রেফতার হন।
এছাড়া, জানুয়ারিতে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ আলী হাওলাদার (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩৯), আলীরাজ হাসান (২৮), মিজান (৫৩), মামুন (৩৮), শহাজাহান (৫৩) ও শফিকুল ইসলামসহ (৫১) আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
























