

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইকোপার্কে শিশু ধর্ষণ ও গলা কেটে হত্যার শিকার ইরার পরিবার ও গ্রামবাসীর সাথে সাক্ষাৎ ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের প্রতিনিধি দল। সোমবার (৯ মার্চ) দুপুরে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরার মাস্টার পাড়ায় এ সাক্ষাৎ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু এবং সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, চট্টগ্রাম জেলার আহ্বায়ক আসমা আক্তার, সদস্য রিপা মজুমদার, ছাত্র প্রতিনিধি তারমিন তিশা, নীতিশ নাথ। তারা ইরার পরিবার ও গ্রামবাসীর সাথে সাক্ষাৎ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ইরার বাবা-মায়ের পাশে থাকার অঙ্গিকার করেন।

মতবিনিময় কালে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের পক্ষ থেকে শিশু ইরা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, সীতাকুন্ড ইকোপার্কে বেড়াতে এসে সাধারণ মানুষ ছিনতাই, নারীর যৌন হয়রানি, খুন হওয়ার ঘটনা ইতোপূর্বেও ঘটেছে। একটি বিনোদন কেন্দ্র হিসেবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের নেতৃবৃন্দরা।