
বাবর মোনাফ (বোয়ালখালী প্রতিনিধি):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট। নিকটতম প্রার্থী জামায়াতের ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট। এ আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক বার্তা শিটে এ ফলাফল পাওয়া যায়।
এ আসনে ১৮০ ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ ভোটার ছিলো। আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪টি। এতে বৈধ ভোটের পরিমাণ ২ লাখ ৫৪ হাজার ৫৫৯ টি ভোট।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বোয়ালখালীর সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ঘোষিত ফলাফলে জানানো হয়, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪টি।
চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে একমাত্র এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এই আসনে এনসিপির হয়ে নির্বাচন করেন মো. জুবাইরুল হাসান আরিফ। তিনি এই আসনে মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ পাননি। ফলে তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। শুধু এনসিপি প্রার্থীই নন, এই আসনে আরও দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তারা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম, যিনি পেয়েছেন ১ হাজার ১৮৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক, যিনি পেয়েছেন ৮৭০ ভোট।
























