বাংলাদেশ, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:২৬

শিরোনাম

নেট দুনিয়ায় ভাইরাল চন্দনাইশের বিএনপি প্রার্থী জসীমের প্রার্থিতা বাতিলের ভুয়া চিঠি


প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৫ : অপরাহ্ণ

এম.এইচ মুরাদ :

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের প্রার্থিতা বাতিল সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে প্রার্থীর ঘনিষ্ঠ সূত্র ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রচারিত ওই চিঠিটি ভুয়া এবং নির্বাচন কমিশন থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।

ভাইরাল হওয়া তথ্যে দাবি করা হয়, বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. ছানাউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে জসীম উদ্দীনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সেখানে বলা হয়, নির্বাচনী তফসিল কার্যকর থাকা অবস্থায় প্রার্থীর পক্ষে অর্থ বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমনকে একটি মসজিদ কমিটির কাছে ৫ লাখ টাকা হস্তান্তর করতে দেখা যায় এবং তিনি তা প্রার্থী জসীম উদ্দীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

ভাইরাল চিঠিতে আরও দাবি করা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৭৩ ও ৯০বি এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০০৮ (সংশোধিত)-এর প্রাসঙ্গিক বিধান লঙ্ঘনের অভিযোগে আইনগত ক্ষমতাবলে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

তবে এই ভাইরাল চিঠির বিষয়ে জসিম উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে কিছু ফেইক আইডি থেকে একটি ভুয়া চিঠি বানিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। আমার সকল সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ করে বলছি, মিথ্যা গুজবে কান না দিয়ে স্ব-স্ব কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার তাদেরকে যোগ্য জবাব দেয়ার আহবান করছি।

ট্যাগ :