
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের দীর্ঘদিনের আন্দোলনে আপনারা রাজপথে থেকে যারা গুম-খুন ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, পরিবার লাঞ্চনার শিকার হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছেন, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। বাড়িতে থাকতে পারেননি বেড়ীবাঁধে থেকেছেন, ধানক্ষেতে থেকেছেন। এই আন্দোলন এখনো শেষ হয়নি। ৬০লক্ষ নেতাকর্মী মিথ্যামামলার শিকার হয়েছে। এই আন্দোলন কিসের জন্য ছিল? এই আন্দোলন ছিল মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বিকালে ঐতিহাসিক লালদিঘীর মাঠে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে গণমিছিল পূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের শুধুমাত্র মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই আন্দোলন শেষ হবে ১২ তারিখ রাতে। যখন ভোট গণনা শেষ হবে এবং বিজয়ের সংবাদ বাংলাদেশ ও বিশ্বের কাছে যাবে। তখনই বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্রের মুক্তি। আগামীর বাংলাদেশের গড়ার যে শপথ আমরা গ্রহণ করেছি, তা পূরণের দিন শুরু হবে মাত্র। তাই চোখ কান খোলা রাখতে হবে। এখন থেকে নির্বাচনের দিন রাত্রে পর্যন্ত ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত সকলকে জাগ্রত সৈনিকের ভূমিকা পালন করতে হবে। আমাদের সাথে যারা নির্বাচন করছে, তারা দৃশ্যমান শক্তি নয়। তাদের দেখা যায়না। তারা অন্যভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। শুনতে পাচ্ছেননা? সিল, ব্যালট পেপার ও বোরকা তৈরি করছে।
























