বাংলাদেশ, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ভোর ৫:০৪

শিরোনাম

সুষ্ঠু নির্বাচন না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না : ডা. এটিএম রেজাউল করিম


প্রকাশের সময় :৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০১ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সুষ্ঠু নির্বাচন, নিরাপদ পরিবেশ এবং ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত না হলে জনগণের প্রত্যাশা কখনোই পূরণ হবে না এমন মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার হোছনাবাদ ও লালানগর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। গণসংযোগকালে ডা. এটিএম রেজাউল করিম বলেন, সুষ্ঠু নির্বাচন, নিরাপদ পরিবেশ ও ন্যায়ভিত্তিক উন্নয়ন-এই তিনটি ছাড়া জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। জামায়াতে ইসলামীকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে। সত্যকে আড়াল করতেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে, তবে জনগণ এখন অনেক সচেতন বলে মন্তব্য করেন ডা. রেজাউল করিম।

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের প্রবেশের তথ্য পাওয়া যাচ্ছে, যা শান্তিপূর্ণ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সুষ্ঠু নির্বাচন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা জরুরি। এ বিষয়ে প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি। উন্নয়ন প্রসঙ্গে ডা. রেজাউল বলেন, উন্নয়ন হতে হবে মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান-এই খাতে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত উন্নয়ন নিশ্চিত করা গেলে রাঙ্গুনিয়া একটি আদর্শ জনপদে পরিণত হবে। সংসদে যাওয়ার সুযোগ পেলে দলীয় স্বার্থ নয়, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। এসময় এবি পার্টির প্রার্থী আবদুর রহমান মনির, এলডিপির মো. জাহাঙ্গীরসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :