
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
আসন্ন বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বোয়ালখালী উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এ উপলক্ষে উপজেলার একটি রেস্টুরেন্টে বোয়ালখালীর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
এসময় তিনি জীবনের শেষ সময়টুকু দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করার আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এলাকার উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি দেন।

আসন্ন নির্বাচনে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নিরপেক্ষ ভূমিকা পালনসহ সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।
এসময় উপস্থিত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান প্রার্থী বদরুচ মেহের।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহমুদুল হক মেম্বার, ইকবাল হোসাইন, মো. ইউছুপ, ফায়াজ মেহের, গিয়াস উদ্দিন, জানে আলম, জানে আলম (জানু) সহ অন্যান্যরা।